১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপফেক ঠেকাতে জুমে আসছে নতুন পরিচয় যাচাই ফিচার

calendar_month ২০ এপ্রিল ২০২৬ ১০:১৯:৩৭ person অনলাইন ডেস্ক
ডিপফেক ঠেকাতে জুমে আসছে নতুন পরিচয় যাচাই ফিচার

অনলাইন মিটিংকে আরও নিরাপদ করতে নতুন উদ্যোগ নিয়েছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম। ডিপফেক প্রতারণা ঠেকাতে তারা কাজ করছে স্যাম অল্টম্যান–সমর্থিত ‘ওয়ার্ল্ড’ প্রতিষ্ঠানের সঙ্গে। এই সংস্থাটি মূলত অনলাইনে ব্যবহারকারীর পরিচয় যাচাই করে থাকে। ফলে এআই দিয়ে তৈরি ভুয়া চরিত্র যেন মিটিংয়ে ঢুকে প্রতারণা করতে না পারে, সে লক্ষ্যেই নতুন ফিচার আনছে জুম।

সাম্প্রতিক সময়ে ভিডিও কলের মাধ্যমে ভুয়া পরিচয়ে প্রতারণার ঘটনা দ্রুত বাড়ছে। ২০২৪ সালের শুরুতে যুক্তরাজ্যের প্রকৌশল প্রতিষ্ঠান আরুপে ঘটে যাওয়া একটি ঘটনা বিষয়টি স্পষ্ট করে তোলে। সেখানে হংকংয়ের এক কর্মী ভিডিও কলে সিএফও ও সহকর্মীদের উপস্থিতি ভেবে অর্থ লেনদেনের অনুমোদন দেন। পরে জানা যায়, তিনি ছাড়া বাকিরা সবাই ছিল এআই–নির্মিত ডিপফেক। ২০২৫ সালে সিঙ্গাপুরের একটি বহুজাতিক প্রতিষ্ঠানেও একই ধরনের ঘটনা ঘটে। নিরাপত্তা প্রতিবেদনে দেখা গেছে, শুধু গত বছরের প্রথম প্রান্তিকেই ডিপফেকভিত্তিক প্রতারণায় ক্ষতির পরিমাণ ২০ কোটি ডলার ছাড়িয়েছে, যেখানে প্রতিটি ঘটনায় গড় ক্ষতি পাঁচ লাখ ডলারেরও বেশি।

ওয়ার্ল্ড জানিয়েছে, বর্তমানে ডিপফেক শনাক্তে ব্যবহৃত প্রযুক্তিগুলো মূলত ভিডিওর ফ্রেম বিশ্লেষণ করে কাজ করে, যা এখন আর পুরোপুরি কার্যকর নয়। কারণ এআই–নির্ভর ভিডিও প্রযুক্তি দ্রুত উন্নত হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তারা আনছে ‘ওয়ার্ল্ড আইডি ডিপ ফেস’ প্রযুক্তি, যেখানে তিন ধাপে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে। নিবন্ধনের সময় তোলা স্বাক্ষরযুক্ত ছবি, ডিভাইস থেকে নেওয়া লাইভ মুখের স্ক্যান এবং মিটিংয়ের সরাসরি ভিডিও এই তিনটি তথ্য মিললে ব্যবহারকারীর নামের পাশে যুক্ত হবে ‘Verified Human’ ব্যাজ।

জুম আরও জানিয়েছে, মিটিং আয়োজকেরা চাইলে ‘ডিপ ফেস ওয়েটিং রুম’ চালু করতে পারবেন। এতে অংশগ্রহণকারীদের মিটিংয়ে ঢোকার আগে পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে। এমনকি মিটিং চলাকালেও প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করার অনুরোধ জানানো যাবে। এই ফিচারগুলো চালু হলে অনলাইন বৈঠকে নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন