হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে নতুন এক সুবিধা—এবার হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকেই দেখা যাবে সংশ্লিষ্ট ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট। মেটা এই নতুন ফিচার চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে সামাজিক যোগাযোগের পরিধি আরও বিস্তৃত হবে।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন নম্বর ব্যবহার করে সহজেই বার্তা, ছবি বা ভিডিও পাঠানো যায়। এমনকি ফোন নম্বরের ভিত্তিতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়। তবে এতদিন পর্যন্ত বন্ধু তালিকায় না থাকা ব্যক্তিরা ফেসবুক প্রোফাইল সম্পর্কে জানতে পারতেন না। সেই সীমাবদ্ধতা এবার দূর হতে চলেছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে প্রথম এই ফিচারটি শনাক্ত করা হয়। এবার আইওএস বেটা সংস্করণেও এটি যুক্ত করা হচ্ছে। ফলে ইনস্টাগ্রামের বাইরেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সামাজিক যোগাযোগের পরিধি বাড়বে।
এই সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে প্রোফাইল অপশন থেকে “এডিট” অংশে গিয়ে তাঁদের ফেসবুক প্রোফাইলের লিংক যুক্ত করতে পারবেন। যুক্ত করার পর লিংকটি প্রোফাইলের যোগাযোগসংক্রান্ত তথ্যের নিচে দেখা যাবে। এতে অন্য ব্যবহারকারীরা এক ক্লিকেই সংশ্লিষ্ট ব্যক্তির ফেসবুক পেজে যেতে পারবেন।
ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারবেন, ফেসবুক লিংকটি সবার জন্য উন্মুক্ত থাকবে, নাকি শুধু পরিচিতরাই দেখতে পারবেন। এটি সম্পূর্ণ ঐচ্ছিক এবং ব্যবহারকারীর অন্যান্য কাজে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
যদি ব্যবহারকারী যাচাই করা ফেসবুক লিংক যুক্ত করেন, তাহলে তাঁর হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নামের পাশে একটি ছোট ফেসবুক আইকন দেখা যাবে। আর যাচাই ছাড়া লিংক শুধু URL আকারে প্রদর্শিত হবে।
মেটা জানিয়েছে, শিগগিরই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের অনলাইন পরিচয় এক জায়গায় তুলে ধরতে পারবেন। এটি হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মধ্যে সংযোগ আরও মজবুত করবে এবং ব্যবহারকারীদের জন্য যোগাযোগের অভিজ্ঞতা আরও সহজ ও সমৃদ্ধ করবে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.