হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হঠাৎ নিষিদ্ধ হয়ে গেলে গুরুত্বপূর্ণ যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি নানা ধরনের সমস্যায় পড়তে পারেন। শুধু ব্যবসায়িক অ্যাকাউন্ট নয়, সাধারণ ব্যবহারকারীদের অ্যাকাউন্টও বিভিন্ন কারণে নিষিদ্ধ হতে পারে। হোয়াটসঅ্যাপের নীতিমালার বাইরে কোনো কার্যক্রম শনাক্ত হলে অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
জেনে নিন, কোন ৭টি কারণে নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।
অ্যাকাউন্ট কতদিন ধরে ব্যবহার করা হচ্ছে, কীভাবে ব্যবহার করা হচ্ছে, কী ধরনের বার্তা পাঠানো হচ্ছে এবং অন্য ব্যবহারকারীরা কতবার অ্যাকাউন্টটি ব্লক বা রিপোর্ট করেছেন—এসব বিষয় বিবেচনা করতে পারে হোয়াটসঅ্যাপ। ফলে নির্দিষ্ট কোনো একটি বার্তার কারণে নয়, ধারাবাহিক সন্দেহজনক আচরণের কারণেও অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।
জিবি হোয়াটসঅ্যাপ ও এফএম হোয়াটসঅ্যাপের মতো পরিবর্তিত বা মোডিফায়েড সংস্করণ হোয়াটসঅ্যাপ অনুমোদন করে না। এসব অ্যাপ ব্যবহারে নিরাপত্তা ও গোপনীয়তার ঝুঁকির পাশাপাশি অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার আশঙ্কাও থাকে।
একই বার্তা অল্প সময়ের মধ্যে অনেক ব্যক্তিকে পাঠালে সেটি স্প্যাম হিসেবে বিবেচিত হতে পারে। কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ, শুভেচ্ছাবার্তা কিংবা প্রচারণামূলক তথ্য দ্রুত অনেক নম্বরে পাঠালেও অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
যাঁরা আপনার নম্বর সংরক্ষণ করেননি বা আপনাকে চেনেন না, তাঁদের নিয়মিত অনেক বার্তা পাঠালে তাঁরা বিরক্ত হয়ে আপনার নম্বর ব্লক বা রিপোর্ট করতে পারেন। কোনো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্লক বা রিপোর্টের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে সেটিকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হতে পারে।
অনেক অপরিচিত ব্যক্তিকে একসঙ্গে কোনো গ্রুপে যুক্ত করা কিংবা একই ব্যক্তিদের বারবার নতুন গ্রুপে যোগ করাও স্প্যাম আচরণ হিসেবে বিবেচিত হতে পারে। সদস্যরা দ্রুত গ্রুপ ছেড়ে গেলে বা গ্রুপের বিষয়ে অভিযোগ করলে অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
তৃতীয় পক্ষের সফটওয়্যার বা অননুমোদিত সেবা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো কিংবা স্বয়ংক্রিয় উত্তর দেওয়ার ব্যবস্থা চালু করলে অ্যাকাউন্টের কার্যক্রম সীমিত বা নিষিদ্ধ হতে পারে।
নতুন নিবন্ধিত কোনো নম্বর থেকে অল্প সময়ের মধ্যে অনেক মানুষকে বার্তা পাঠানো, একসঙ্গে বহু গ্রুপে যোগ দেওয়া কিংবা বিভিন্ন গ্রুপে দ্রুত বার্তা পাঠালে সেটি সন্দেহজনক কার্যক্রম হিসেবে বিবেচিত হতে পারে।
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিরাপদ রাখতে অননুমোদিত অ্যাপ ব্যবহার না করা, অপরিচিত ব্যক্তিকে অপ্রয়োজনে বার্তা না পাঠানো এবং অল্প সময়ে বিপুলসংখ্যক মানুষকে একই বার্তা পাঠানো থেকে বিরত থাকা উচিত। পাশাপাশি স্বয়ংক্রিয় মেসেজিংয়ের জন্য অননুমোদিত সফটওয়্যার ব্যবহার না করাই নিরাপদ।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.