VoWiFi (Voice over Wi-Fi) হলো এমন একটি প্রযুক্তি, যা মোবাইল ব্যবহারকারীদের মোবাইল নেটওয়ার্কের (যেমন 2G, 3G, 4G, 5G) ওপর নির্ভর না করে Wi-Fi সংযোগ ব্যবহার করে ভয়েস কল করার সুযোগ দেয়। ব্যবহারকারীর অভিজ্ঞতা সাধারণ ফোনকলের মতোই থাকে, তবে কলটি Wi-Fi ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়।
যখন কোনো মোবাইল ফোনে VoWiFi চালু থাকে এবং এটি একটি Wi-Fi নেটওয়ার্কে সংযুক্ত হয়, তখন ফোনটি প্রথমে একটি পরিচয় যাচাই অনুরোধ (EAP-SIM/EAP-AKA) পাঠায়। এই অনুরোধটি পৌঁছায় ePDG (Evolved Packet Data Gateway)-তে, যা মোবাইল অপারেটরের সার্ভারের সঙ্গে সংযুক্ত। এরপর AAA সার্ভার (Authentication, Authorization, Accounting) SIM-এর IMSI নম্বর ও এনক্রিপশন তথ্য যাচাই করে HLR/HSS থেকে। যাচাই সফল হলে, ফোন এবং অপারেটরের IMS (IP Multimedia Subsystem) নেটওয়ার্কের মধ্যে একটি নিরাপদ IPSec টানেল তৈরি হয়। ফলাফল—Wi-Fi ব্যবহার করেও ফোনটি কার্যত মোবাইল নেটওয়ার্কের মতোই কাজ করে।
VoWiFi প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা দুর্বল সিগন্যালযুক্ত জায়গায়ও সহজে কল করতে পারেন। বেজমেন্ট, গ্রামাঞ্চল বা মোটা দেয়ালের ভিতরে যেখানে সাধারণত মোবাইল সিগন্যাল দুর্বল থাকে, সেখানে VoWiFi কার্যকরভাবে কাজ করে। এছাড়া, সেলুলার ভয়েস ট্রাফিক Wi-Fi মাধ্যমে অফলোড হওয়ায় মোবাইল নেটওয়ার্কের ওপর চাপ কমে। HD মানের ভয়েস কল, কম কলড্রপ এবং দ্রুত সংযোগ—সব মিলিয়ে উন্নত কল কোয়ালিটি নিশ্চিত হয়।
VoWiFi প্রযুক্তি আন্তর্জাতিক রোমিংয়ের ক্ষেত্রে বিশেষভাবে উপকারী। বিদেশে থাকাকালীন Wi-Fi ব্যবহার করে স্থানীয় রেটে ভয়েস কল করা সম্ভব হয়, যা মোবাইল রোমিং খরচ অনেক কমিয়ে দেয়। এটি গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী ও ব্যবহারবান্ধব সমাধান।
VoWiFi, VoLTE এবং 5G-এর মতো আধুনিক প্রযুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিটিআরসি-কে VoWiFi নীতিমালা প্রণয়নের জন্য চিঠি পাঠানো হয়েছে। সরকার প্রত্যাশা করছে সব মোবাইল অপারেটর দ্রুত সারাদেশে VoWiFi চালু করবে, যাতে নগর ও গ্রামীণ সব ব্যবহারকারী উপকৃত হন।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.