গত বৃহস্পতিবার রাতে বিশ্বজুড়ে গুগলের বেশ কয়েকটি জনপ্রিয় সেবায় একযোগে বিভ্রাট দেখা দেয়, যার মধ্যে ছিল জিমেইল, গুগল ড্রাইভ, ডকস এবং গুগল মিট। ব্যবহারকারীরা ইমেইল পাঠাতে না পারা, ড্রাইভে ফাইল খুলতে সমস্যা, ভিডিও কলে সংযোগ বিচ্ছিন্নতা ইত্যাদি সমস্যায় পড়েন। একই সময়ে বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরে গুগলসংশ্লিষ্ট রিপোর্টের সংখ্যা হঠাৎ বেড়ে যায়।
এ সময় গুগলের স্মার্ট হোম ডিভাইস ‘নেস্ট’-এর কার্যক্রমও বিঘ্নিত হয়। শুধু গুগলের নিজস্ব সেবাই নয়, গুগল ক্লাউডের ওপর নির্ভরশীল জুম, শপিফাই, স্পটিফাই ও পোকেমন গো–এর মতো প্ল্যাটফর্মেও সমস্যা দেখা দেয়।
গুগল ওয়ার্কস্পেস স্ট্যাটাস ড্যাশবোর্ডে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, একাধিক সেবায় স্বাভাবিকের তুলনায় বেশি ল্যাটেন্সি ও ত্রুটি ধরা পড়েছে। পরে জানানো হয়, এই সমস্যা ১৮ জুলাই সকাল ৮টা ৫৬ মিনিটে (প্যাসিফিক সময়) সমাধান করা হয়েছে। প্রাথমিক তদন্তে গুগল জানায়, একটি হার্ডওয়্যার অবকাঠামোগত ত্রুটিই এ সমস্যার মূল কারণ। প্রকৌশলীরা দ্রুত বিকল্প ট্রাফিক রুট ব্যবহার করে সেবা পুনরুদ্ধার করেন। ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় গুগল।
ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই বিভ্রাটের সময় প্রায় ৪ হাজার ৮০০ ব্যবহারকারী সমস্যার রিপোর্ট করেন। এর মধ্যে ৪৭ শতাংশ লগইন করতে পারেননি, ৪১ শতাংশ গুগলের ওয়েবসাইটে প্রবেশে সমস্যার কথা জানান, আর ১৩ শতাংশ গুগল ড্রাইভে ত্রুটি অনুভব করেন।
বিশ্বজুড়ে সবচেয়ে বেশি প্রভাব পড়ে বড় শহর ও প্রযুক্তিনির্ভর অঞ্চলে—যেমন নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, দিল্লি, বেঙ্গালুরু, লন্ডন, টরন্টো ও সিডনি। তুলনামূলকভাবে ছোট শহর ও গ্রামীণ এলাকায় সমস্যাগুলো সীমিত ছিল এবং ধীর সংযোগ, ভিডিও ল্যাগ বা ওয়েবসাইট লোড হতে দেরি হওয়ার মতো ত্রুটি বেশি দেখা গেছে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.