ব্যবসাপ্রতিষ্ঠান ও করপোরেট গ্রাহকদের কথা মাথায় রেখে নতুন একটি এআই প্ল্যাটফর্ম চালু করছে মেটা। প্ল্যাটফর্মটির নাম ‘মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’। এর মাধ্যমে মেটার নিজস্ব এআই প্রযুক্তি ও সেবা কোম্পানিগুলো এবং তাদের গ্রাহকেরা আরও সহজে ব্যবহার করতে পারবেন।
এই উদ্যোগের নেতৃত্বে থাকছেন ডেটা প্ল্যাটফর্ম মঙ্গোডিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চিরন্তন সিজে দেশাই। তাঁকে মেটা চিফ এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে।
মেটার ভাষ্যমতে, প্ল্যাটফর্মটির মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কোম্পানির সাম্প্রতিক এআই মডেল, এজেন্ট ও অন্যান্য প্রযুক্তি সহজে কাজে লাগাতে পারবে। শুরুতে যেসব সুবিধা পাওয়া যাবে, তার মধ্যে রয়েছে:
এ ছাড়া আরও কিছু এআই সুবিধা এর আওতায় থাকবে। মেটার বক্তব্য অনুযায়ী, এসব প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং ব্যবসার প্রবৃদ্ধিতেও কাজে লাগাতে পারবে।
মিউজ মেটার একটি ব্যক্তিগত এআই সহকারী, যা চলতি মাসের শুরুতে চালু হয়েছে। ব্যবহারকারীর হয়ে ইমেইল পাঠানো, ভ্রমণের বুকিং দেওয়াসহ নানা কাজ এটি করতে পারে। এবার মিউজ এবং মেটার অন্যান্য এআই প্রযুক্তি ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্মাতাদের জন্য উন্মুক্ত করতেই এই নতুন প্ল্যাটফর্ম আনা হচ্ছে।
মেটায় যোগ দেওয়া প্রসঙ্গে চিরন্তন সিজে দেশাই বলেছেন, আগামী কয়েক বছরে এআই সব ধরনের প্রতিষ্ঠানের কাজের ধরনে বড় পরিবর্তন আনবে। উদ্ভাবন, ব্যবসার প্রবৃদ্ধি, গ্রাহকসেবা ও প্রতিদিনের কার্যক্রম, সবক্ষেত্রেই এর প্রভাব পড়বে বলে তিনি মনে করেন।
তাঁর মতে, উন্নত এআই মডেল ও এজেন্ট প্রযুক্তি তৈরির পাশাপাশি বিপুলসংখ্যক বিজ্ঞাপনদাতা ও ব্যবসাপ্রতিষ্ঠানকে বড় পরিসরে সেবা দেওয়ার অভিজ্ঞতাও মেটার রয়েছে। মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্মের লক্ষ্য হলো কোম্পানির এআই প্রযুক্তিকে এমন পণ্য ও সেবায় রূপ দেওয়া, যা প্রতিষ্ঠানগুলো সরাসরি নিজেদের ব্যবসায় ব্যবহার করতে পারবে।
এত দিন মেটার এআই উদ্যোগ মূলত সাধারণ ব্যবহারকারীর কাছে পরিচিত ছিল। নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটি স্পষ্টভাবে ব্যবসাপ্রতিষ্ঠানের বাজারেও নিজেদের এআই সেবা নিয়ে এল। মিউজের মতো সহকারী, এজেন্ট ও এপিআই একসঙ্গে পাওয়া গেলে প্রতিষ্ঠানগুলোর জন্য এআই গ্রহণ সহজ হতে পারে। তবে প্ল্যাটফর্মটি কবে থেকে পুরোপুরি পাওয়া যাবে, কী মূল্যে মিলবে বা কোন কোন বাজারে আগে আসবে, সে বিষয়ে মেটার ঘোষণায় বিস্তারিত জানা যায়নি।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.