রেডিট ও গুগল ক্রোমের সহায়তা ফোরামে অসংখ্য ব্যবহারকারী অভিযোগ করেছেন, ক্রোম অ্যাপ ব্যবহারের সময় ব্যাটারি স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত শেষ হয়ে যায়। কেউ কেউ লিখেছেন, অ্যাপটি পটভূমিতে সক্রিয় থেকে এমনকি ব্যবহার না করলেও ব্যাটারি খরচ করে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “ক্রোম চালু থাকলে প্রতি মিনিটে ব্যাটারির চার্জ ১ শতাংশ করে কমে।” আরেকজন লিখেছেন, “মাত্র দুই ঘণ্টায় ক্রোম একাই আইফোনের প্রায় ৪০ শতাংশ ব্যাটারি খরচ করেছে।”
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্ল্যাশ গিয়ারের মতে, গুগল ক্রোম মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য তৈরি। ফলে আইওএসে এটি ততটা কার্যকর নয় এবং অ্যাপলের ডিভাইসে অতিরিক্ত ব্যাটারি খরচ করে ফেলে।
বিশেষজ্ঞরা বলছেন, ক্রোম ব্রাউজারের ক্রমাগত সিঙ্কিং প্রক্রিয়ার কারণেই ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে। গুগল অ্যাকাউন্টের বুকমার্ক, ট্যাব ও ব্রাউজিং হিস্ট্রি সব সময় আপডেট রাখতে গিয়ে অ্যাপটি পটভূমিতে কাজ করে। এমনকি ব্যবহারকারী ব্রাউজ না করলেও এই প্রক্রিয়া চালু থাকে, যার ফলে অপ্রয়োজনীয়ভাবে ব্যাটারি খরচ হয়।
অনেক ব্যবহারকারী ইতোমধ্যে ক্রোম অ্যাপটি মুছে ফেলে বিকল্প ব্রাউজারের দিকে ঝুঁকেছেন। যারা এখনও সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য পরামর্শ—ক্রোম অ্যাপের ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বন্ধ করে দিন অথবা অ্যাপটি আনইনস্টল করে সাফারি বা অন্য কোনো লাইট ব্রাউজার ব্যবহার করুন।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.