xAI-এর Grok আবারও আলোচনায়, তবে এবার কোনো নতুন ফিচার বা এআই উদ্ভাবনের জন্য নয়। সাম্প্রতিক দিনগুলোতে বহু ব্যবহারকারী অভিযোগ করেছেন যে চ্যাটবটটি স্বাভাবিক উত্তর দেওয়ার বদলে অর্থহীন শব্দের জগাখিচুড়ি তৈরি করছে—যা এর নির্ভরযোগ্যতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম TechCrunch-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল থেকে বিশেষ করে Grok Lite ব্যবহারকারীরা এই সমস্যাটি লক্ষ্য করেন। একজন ব্যবহারকারী PDF তৈরির অনুরোধ করলে Grok এমন একটি বাক্য দিয়ে উত্তর শুরু করে যার কোনো অর্থই ছিল না। অন্য একজন দেখেন, তথ্যসূত্র হিসেবে দেওয়া লিংকগুলো সম্পূর্ণ ভিন্ন গবেষণা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে।
Reddit-এর Grok কমিউনিটিতেও একই ধরনের অসংখ্য উদাহরণ পোস্ট হয়েছে। খুব সাধারণ একটি শব্দের জবাবেও বটটি এলোমেলো ও অসংলগ্ন বাক্য তৈরি করছে, যা ব্যবহারকারীরা “word salad” হিসেবে বর্ণনা করছেন।
Grok-এর অফিসিয়াল অ্যাকাউন্ট এক ব্যবহারকারীর অভিযোগের জবাবে জানায়, এটি একটি “rare temporary generation glitch”—অর্থাৎ বিরল ও সাময়িক জেনারেশন ত্রুটি। তবে চ্যাটবট নিজেই কেন ভুল করছে, সে বিষয়ে তার নিজের ব্যাখ্যাকে প্রযুক্তিগত প্রমাণ হিসেবে ধরা যায় না।
মজার বিষয় হলো, TechCrunch তাদের পরীক্ষায় একই ত্রুটিটি পুনরায় তৈরি করতে পারেনি। ফলে ধারণা করা হচ্ছে, সমস্যাটি নির্দিষ্ট সংস্করণ বা সীমিত সংখ্যক ব্যবহারকারীর মধ্যে ঘটেছে।
Grok মূলত X (সাবেক Twitter) প্ল্যাটফর্মের সঙ্গে গভীরভাবে সংযুক্ত এবং Tesla-র কিছু গাড়িতেও ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু ব্যবহারকারীর সন্তুষ্টির দিক থেকে এর অবস্থান খুব শক্তিশালী নয়।
সাম্প্রতিক YouGov UK জরিপ অনুযায়ী, প্রধান এআই প্ল্যাটফর্মগুলোর মধ্যে Grok-এর ইতিবাচক সন্তুষ্টি মাত্র ২৪.৬%—যা Siri-এর পর দ্বিতীয় সর্বনিম্ন। এছাড়া বিশ্লেষক প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে, Grok এখনও উল্লেখযোগ্য রাজস্ব বা এন্টারপ্রাইজ বাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারেনি, আর অর্থপ্রদানের ব্যবহারকারীর হারও অত্যন্ত কম।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.