০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুগল ফটোজে ছবি-ভিডিও সংরক্ষণের নিয়ম বদল, বিপদে পড়বেন যারা

calendar_month ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০০:৪২ person অনলাইন ডেস্ক
গুগল ফটোজে ছবি-ভিডিও সংরক্ষণের নিয়ম বদল, বিপদে পড়বেন যারা

কম্পিউটারে থাকা ছবি ও ভিডিও গুগল ফটোজে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণের নিয়মে পরিবর্তন এনেছে গুগল। এতদিন গুগল ড্রাইভের ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে নির্দিষ্ট ফোল্ডারের ছবি ও ভিডিও সরাসরি গুগল ফটোজে সংরক্ষণ করা যেত। নতুন নিয়মে সেই সুবিধা আর থাকছে না।

ফলে কম্পিউটার থেকে নতুন ছবি ও ভিডিও গুগল ফটোজে সংরক্ষণ করতে হলে এখন সরাসরি গুগল ফটোজের ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে। এজন্য ওয়েব ব্রাউজারে গুগল ফটোজে প্রবেশ করে নিজের গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।

পুরোনো ছবি-ভিডিও কি মুছে যাবে?

গুগলের এই পরিবর্তনে আগে থেকে গুগল ফটোজে সংরক্ষিত ছবি ও ভিডিও হারিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। আগের মতোই সেগুলো অ্যাকাউন্টে থাকবে। এমনকি গুগল ড্রাইভের ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে অতীতে গুগল ফটোজে আপলোড করা ছবি ও ভিডিওও মুছে যাবে না।

অর্থাৎ, পরিবর্তনটি কেবল নতুন করে কম্পিউটার থেকে ছবি ও ভিডিও গুগল ফটোজে সংরক্ষণের পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য।

বেশি সমস্যায় পড়বেন কারা?

এই পরিবর্তনে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন তারা, যারা নিয়মিত কম্পিউটারে ছবি ও ভিডিও সংরক্ষণ করে সেগুলো গুগল ফটোজে ব্যাকআপ রাখেন। বিশেষ করে ক্যামেরা বা মুঠোফোন থেকে ছবি কম্পিউটারে নেওয়ার পর অনলাইনে সংরক্ষণ, পুরোনো ছবি-ভিডিওর বড় সংগ্রহ রাখা কিংবা নির্দিষ্ট ফোল্ডারের ছবি নিয়মিত ব্যাকআপ করার ক্ষেত্রে আগের পদ্ধতি আর ব্যবহার করা যাবে না।

গুগল ড্রাইভের ছবি কি হারাবে?

না। গুগল ড্রাইভে আগে থেকে থাকা ছবি ও ভিডিও এবং গুগল ফটোজে সংরক্ষিত পুরোনো ছবি-ভিডিও নিরাপদ থাকবে। শুধু গুগল ড্রাইভের ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে কম্পিউটারের ছবি ও ভিডিও নতুন করে গুগল ফটোজে পাঠানোর সুবিধাটি বন্ধ করা হয়েছে।

ছবি রাখার আগে স্টোরেজ দেখে নিন

নতুন ছবি ও ভিডিও সংরক্ষণের আগে গুগল অ্যাকাউন্টে পর্যাপ্ত স্টোরেজ খালি আছে কি না, তা দেখে নেওয়া জরুরি। গুগল ফটোজের স্টোরেজ জিমেইল ও গুগল ড্রাইভের সঙ্গেও শেয়ার করা হয়। তাই বিপুলসংখ্যক ছবি বা ভিডিও সংরক্ষণের আগে খালি জায়গা যাচাই করে নেওয়া ভালো।

সব মিলিয়ে, পুরোনো ছবি-ভিডিও হারানোর ঝুঁকি না থাকলেও কম্পিউটার থেকে নিয়মিত গুগল ফটোজে ছবি ও ভিডিও সংরক্ষণকারীদের এখন থেকে সরাসরি গুগল ফটোজের ওয়েবসাইট ব্যবহার করতে হবে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন