কোনো বাক্য বা শব্দগুচ্ছ ঠিক যেমন আছে, তেমনভাবে খুঁজতে চাইলে সেটি উদ্ধৃতি চিহ্ন (“ ”) দিয়ে লিখতে হবে। যেমন “বেস্ট পিজ্জা ইন ঢাকা” লিখে সার্চ করলে গুগল কেবল এই নির্দিষ্ট বাক্যাংশযুক্ত ফলাফলই দেখাবে। এতে অপ্রাসঙ্গিক লিংক ঘাঁটাঘাঁটি না করে সরাসরি প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
কোনো শব্দ সার্চের ফল থেকে বাদ দিতে চাইলে শব্দটির আগে মাইনাস (-) চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন ‘অ্যাপল -ফ্রুট’ লিখলে শুধু অ্যাপল প্রতিষ্ঠানের তথ্যই দেখাবে গুগল। ফল আপেল–সংক্রান্ত কোনো তথ্য দেখা যাবে না সার্চ ফলাফলে। নির্দিষ্ট বিষয়ের তথ্য খোঁজার সময় এটি বেশ কার্যকর।
গুগলের মাধ্যমে অনেকেই বিভিন্ন শব্দের অর্থ জানতে চান। গুগল ট্র্যান্সলেট চালুর ঝামেলা ছাড়াই কোনো শব্দের অর্থ জানতে সার্চবারে লিখতে হবে ‘Define: শব্দ’। গুগল সঙ্গে সঙ্গে সেই শব্দের অর্থ, উচ্চারণ ও ব্যবহার দেখাবে।
কোনো বাক্যের পুরো অংশ মনে না থাকলে সেখানে তারকা (*) চিহ্ন ব্যবহার করা যায়। যেমন ‘বেস্ট * প্লেস ইন বাংলাদেশ’ লিখলে গুগল ফাঁকা অংশটি নিজে থেকে পূরণ করে সম্ভাব্য ফলাফল দেখাবে। আংশিক তথ্য থেকে তথ্য খোঁজার জন্য এটি বেশ কার্যকর।
গুগল সার্চের মাধ্যমেই তাৎক্ষণিকভাবে মুদ্রা বা পরিমাপের একক রূপান্তর করা যায়। যেমন, ‘১০০ মার্কিন ডলার টু টাকা’ বা ‘১০ কিলোমিটার টু মাইল’ লিখলেই গুগল সঙ্গে সঙ্গে দুই দেশের টাকার মানের পাশাপাশি দূরত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য দেখাবে।
নির্দিষ্ট উড়োজাহাজের অবস্থান, আবহাওয়া বা খেলার ফলাফলা জানতে এখন আলাদা ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন নেই। এ জন্য নির্দিষ্ট ফ্লাইটের নাম লিখে স্ট্যাটাস বা ‘ঢাকা ওয়েদার’ শুধু লিখতে হবে।
শুধু একটি ওয়েবসাইটে তথ্য খুঁজতে চাইলে সার্চবারে লিখতে হবে ‘site:সাইটের-নাম কাঙ্ক্ষিত-কি–ওয়ার্ড’। এর ফলে পুরো ওয়েব না ঘেঁটে সরাসরি সেই ওয়েবসাইটে থাকা সব তথ্য দ্রুত জানা যাবে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.