ওপেনএআই তাদের নতুন এআই-চালিত ওয়েব ব্রাউজার ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ উন্মোচন করেছে, যা গুগল ক্রোমের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। এই ব্রাউজারটি মানুষের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্বাভাবিক, সহজ এবং মানবিক করে তুলতে তৈরি করা হয়েছে।
চ্যাটজিপিটি অ্যাটলাস ব্রাউজার চালুর ঘোষণা দিয়ে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান বলেন, ‘আমরা চাই মানুষ যেন আরও স্বাভাবিক ও সহজভাবে ভবিষ্যতে ইন্টারনেট ব্যবহার করে। চ্যাটজিপিটির কথোপকথনভিত্তিক অভিজ্ঞতাকে যদি ওয়েব ব্রাউজারের সঙ্গে যুক্ত করা যায়, তা হবে ইন্টারনেট ব্যবহারের এক নতুন ধারা। অ্যাটলাস শুধু একটি স্মার্ট ব্রাউজার নয়, এটি দ্রুত কাজ করায় ব্যবহারও আনন্দদায়ক। আমরা চাই, ইন্টারনেট ব্যবহার আরও মানবিক ও সহায়ক হয়ে উঠুক।’
চ্যাটজিপিটি সার্চের প্রোডাক্ট লিড অ্যাডাম ফ্রাই জানিয়েছেন, অ্যাটলাসের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এর স্মৃতিশক্তি। এটি ব্যবহারকারীর অভ্যাস ও পছন্দ দীর্ঘদিন মনে রাখে। ফলে ব্রাউজারটি সময়ের সঙ্গে ব্যক্তিগত সহকারীর মতো হয়ে ওঠে।
এজেন্ট মোডের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বিভিন্ন কাজ করতে পারে ব্রাউজারটি। যেমন—ইমেইল লেখা, তথ্য অনুসন্ধান, বা ওয়েবপেজ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ। পাশাপাশি ইনকগনিটো মোডেও নিরাপদে ব্রাউজ করা যাবে, যা ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করবে।
ওপেনএআইয়ের তথ্যমতে, অ্যাটলাস ব্রাউজারে সার্চ ফলাফল থেকে কোনো লিংকে ক্লিক করলে পর্দার এক পাশে ওয়েবসাইট এবং অন্য পাশে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের তথ্য দেখা যাবে। চাইলে ব্যবহারকারী এই স্প্লিট স্ক্রিন মোড বন্ধ করতে পারবেন।
যেকোনো ওয়েবপেজে থাকা তথ্যের সারাংশ তৈরির পাশাপাশি ই–মেইলের গুরুত্বপূর্ণ অংশ নির্বাচন করে সম্পাদনাও করে দেবে ব্রাউজারটি। এটি ব্যবহারকারীর সময় বাঁচাবে এবং কাজের দক্ষতা বাড়াবে।
চ্যাটজিপিটি অ্যাটলাস ব্রাউজার কেবল একটি প্রযুক্তি নয়, এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি—যেখানে এআই প্রযুক্তি মানুষের দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারের অভ্যাসকে বদলে দিতে প্রস্তুত। এটি গুগল ক্রোমের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে এবং ভবিষ্যতের ব্রাউজিং অভিজ্ঞতার রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.