অ্যাপলের বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠান ‘অ ড্রপিং’ শুরু হয়েছে এক বিশেষ আবহে, যেখানে প্রথম ঘোষণাই ছিল নতুন প্রজন্মের এয়ারপডস প্রো ৩। ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্ক থেকে সরাসরি সম্প্রচারিত এই ইভেন্টে প্রযুক্তিপ্রেমীরা পেয়েছেন একাধিক চমক, যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল এই নতুন ইয়ারবাডস।
এয়ারপডস প্রো ৩-এ যুক্ত হয়েছে ‘কাস্টম মাল্টিপোর্ট অ্যাকুস্টিক আর্কিটেকচার’, যা আগের তুলনায় দ্বিগুণ নয়েজ ক্যানসেলেশন এবং আরও গভীর বেস ও স্পষ্ট ভোকাল অভিজ্ঞতা দিতে সক্ষম। নতুন ফোম-ইনফিউজড ইয়ারটিপসের মাধ্যমে ব্যবহারকারীরা পাবেন ওভার-দ্য-ইয়ার মানের সাউন্ড, অথচ পকেট-সাইজ ডিজাইনে।
অ্যাপল ইন্টেলিজেন্সের মাধ্যমে এয়ারপডসে যুক্ত হয়েছে লাইভ ট্রান্সলেশন সুবিধা। হাতের ইশারায় চালু হওয়া এই ফিচার তাৎক্ষণিকভাবে কথার অর্থ অন্য ভাষায় অনুবাদ করতে পারবে। ব্যবহারকারী কথা বললে আইফোন সেটি অনুবাদ করে দেখাবে, এবং অপর প্রান্তের ব্যক্তি এয়ারপডস ব্যবহার করলে উভয় ডিভাইস সমন্বিতভাবে অনুবাদ করবে।
নতুন এয়ারপডস প্রো-তে রয়েছে অ্যাপলের সবচেয়ে ছোট হার্ট-রেট সেন্সর, যা অন-ডিভাইস এআই মডেল ব্যবহার করে হৃৎস্পন্দন ও ক্যালরি ক্ষয়ের হিসাব রাখবে। ফিটনেস অ্যাপে যুক্ত হবে নতুন ধরনের ওয়ার্কআউট ট্র্যাকিং সুবিধা, যা স্বাস্থ্য সচেতন ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা।
একবার চার্জে এয়ারপডস প্রো ৩ ব্যবহার করা যাবে ৮ ঘণ্টা পর্যন্ত, আর হিয়ারিং এইড হিসেবে ব্যবহার করলে চার্জ থাকবে ১০ ঘণ্টা পর্যন্ত। মূল্য আগের মতোই থাকছে ২৪৯ ডলার। ১৯ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে এই নতুন ডিভাইসটি|
চলমান অ্যাপল ইভেন্টে আরও পণ্য উন্মোচনের অপেক্ষায় রয়েছে প্রযুক্তি বিশ্ব। তবে এয়ারপডস প্রো ৩-এর ঘোষণাই প্রমাণ করে, অ্যাপল এবারও ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.