আইফোন ব্যবহারকারীদের চ্যাট অভিজ্ঞতা আরও রঙিন করতে নতুন এক সুবিধা চালু করছে মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এখন নিজেদের ইচ্ছেমতো চ্যাটের ব্যাকগ্রাউন্ড সাজাতে পারবেন, এমনকি চাইলে ব্যবহার করতে পারবেন অ্যানিমেটেড ওয়ালপেপারও। প্রযুক্তি সংবাদমাধ্যম নাইনটুফাইভম্যাকের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফো।
নতুন এই ফিচারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, থিমগুলোকে পাঁচটি আলাদা বিভাগে সাজানো হয়েছে। ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের রুচি ও পছন্দ অনুযায়ী উপযুক্ত থিম খুঁজে নিতে পারবেন।
হোয়াটসঅ্যাপের নতুন চ্যাট থিম গ্যালারিতে যে পাঁচটি বিভাগ থাকছে সেগুলো হলো ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল এবং ডুডল। প্রতিটি বিভাগের নকশা ও ব্যবহারের ধরন ভিন্ন।
ফিচারড বিভাগে হোয়াটসঅ্যাপের নিজস্ব নকশা দল বাছাই করে দেওয়া বিভিন্ন থিম রাখা হয়েছে। অর্থাৎ এখানকার থিমগুলো কোম্পানির পক্ষ থেকে বিশেষভাবে নির্বাচিত।
নেচার বিভাগে থাকবে প্রকৃতির নানা দৃশ্য। যারা চ্যাটের ব্যাকগ্রাউন্ডে প্রাকৃতিক আবহ পছন্দ করেন, তাদের জন্য এই বিভাগ উপযোগী হবে।
লাইভ বিভাগে থাকছে অ্যানিমেটেড ওয়ালপেপার, যা এই আপডেটের অন্যতম আকর্ষণীয় সংযোজন। কোনো থিম অ্যানিমেটেড কি না, তা বোঝার জন্য থাম্বনেইলের ওপরের ডান কোণায় ছোট একটি ‘লাইভ’ চিহ্ন দেখানো হবে। এমনকি ফিচারড বিভাগে থাকা কোনো থিমে অ্যানিমেশন থাকলেও সেখানেও একই চিহ্ন দেখা যাবে।
মিনিমাল বিভাগ যারা সাদামাটা ও নিরিবিলি ব্যাকগ্রাউন্ড পছন্দ করেন তাদের জন্য। লাইট মোডে এই ব্যাকগ্রাউন্ড হবে সাদা রঙের, আর ডার্ক মোডে হবে কালো।
ডুডল বিভাগে থাকছে হোয়াটসঅ্যাপের চিরচেনা ও জনপ্রিয় ডুডল নকশার ওয়ালপেপার, যা দীর্ঘদিন ধরে অ্যাপটির পরিচিত এক বৈশিষ্ট্য হিসেবে পরিচিত।
নতুন এই চ্যাট থিম সুবিধা এখনই সব আইফোন ব্যবহারকারী পাচ্ছেন না। হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে, ধাপে ধাপে এই ফিচার উন্মুক্ত করছে। ফলে অ্যাপ হালনাগাদ করলেও অনেক ব্যবহারকারী হয়তো তাৎক্ষণিকভাবে নতুন থিম গ্যালারিটি দেখতে পাবেন না।
এই ফিচার নিয়ে আগাম ইঙ্গিত অবশ্য আগেই পাওয়া গিয়েছিল। গত ১৩ আগস্ট নাইনটুফাইভম্যাক হোয়াটসঅ্যাপের অ্যাপ কোড বিশ্লেষণ করে নতুন থিম গ্যালারি সম্পর্কে তথ্য প্রকাশ করেছিল। প্রায় তিন সপ্তাহ পর সেই একই সুবিধা বাস্তবে আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা শুরু হলো।
চ্যাট ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজেশন কোনো নতুন ধারণা না হলেও অ্যানিমেটেড ওয়ালপেপার এবং সুসংগঠিত বিভাগ ব্যবস্থা হোয়াটসঅ্যাপের ব্যবহার অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত ও আকর্ষণীয় করে তুলবে। বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর কাছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে এমন ছোট ছোট নকশাগত পরিবর্তনও ব্যবহারকারীদের সন্তুষ্টি ও অ্যাপের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আপাতত সুবিধাটি কেবল আইফোন ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে। ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও একই ধরনের ফিচার আসবে কি না, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.