০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা পাঠানো থেকে বিল পরিশোধ, বাংলালিংকের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’

calendar_month আপডেট:
টাকা পাঠানো থেকে বিল পরিশোধ, বাংলালিংকের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’

দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী করতে ‘মুক্ত পে’ নামে নতুন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। এই প্ল্যাটফর্মের মাধ্যমে টাকা পাঠানো, বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পরিশোধ এবং যেকোনো মোবাইল অপারেটরের নম্বরে রিচার্জ করা যাবে। উদ্বোধন উপলক্ষে প্রথম তিন মাস টাকা পাঠানো ও বিল পরিশোধে বাড়তি চার্জ দিতে হবে না।

গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই সেবা চালুর তথ্য জানিয়েছে বাংলালিংক।

স্মার্টফোন ও সাধারণ ফোনেই ব্যবহার করা যাবে মুক্ত পে

মুক্ত পে অ্যাপটি গুগল প্লে স্টোর ও আইওএস অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন নম্বর দিয়ে নিবন্ধন সম্পন্ন করে যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহক এই সেবা ব্যবহার করতে পারবেন।

অন্যদিকে, বাংলালিংক গ্রাহকেরা ইন্টারনেট সংযোগ ছাড়াই সাধারণ মুঠোফোন থেকে *525# ডায়াল করে মুক্ত পে সেবা নিতে পারবেন।

প্ল্যাটফর্মটিতে ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ড থেকে ওয়ালেটে টাকা যোগ করার সুবিধাও রয়েছে। পাশাপাশি অ্যাপ থেকেই বাংলালিংকের বিভিন্ন সেবা ব্যবহার করা যাবে।

ব্যবসায়ীদের জন্য আলাদা মার্চেন্ট অ্যাপ

ব্যক্তিগত লেনদেনের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্যও রয়েছে মুক্ত পের বিশেষ সুবিধা। মার্চেন্ট অ্যাপের মাধ্যমে ব্যবসায়ীরা একটি ড্যাশবোর্ড থেকেই নিবন্ধন, গ্রাহকের কাছ থেকে পেমেন্ট গ্রহণ এবং লেনদেনের হিসাব রাখতে পারবেন।

এ ছাড়া ভবিষ্যতে জাতীয় কিউআর পেমেন্ট সিস্টেম ‘বাংলা কিউআর’ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে গ্রাহকেরা বাংলা কিউআর-সমর্থিত মার্চেন্ট প্রতিষ্ঠানে মুক্ত পে ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।

ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়ানোর লক্ষ্য

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে জানান, মুক্ত পের মাধ্যমে প্রতিষ্ঠানটি সংযোগ সেবার পাশাপাশি গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেনের সঙ্গেও যুক্ত হচ্ছে। স্মার্টফোন ও সাধারণ মুঠোফোন ব্যবহারকারী, ব্যক্তি, মার্চেন্ট এবং ব্যবসাপ্রতিষ্ঠান—সবাইকে ডিজিটাল অর্থনীতির আওতায় আনতে কাজ করবে এই প্ল্যাটফর্ম।

অন্যদিকে, বাংলালিংকের চিফ ফিনটেক অফিসার দিমিত্রি কাশতানভ বলেন, মুক্ত পের মূল লক্ষ্য হলো প্রতিদিনের আর্থিক লেনদেন আরও দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য করা।

মুক্ত পের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম জাকারিয়াও জানিয়েছেন, শুরু থেকেই সব মোবাইল অপারেটরের গ্রাহকদের জন্য সহজ ও নির্ভরযোগ্য লেনদেনের অভিজ্ঞতা নিশ্চিত করাই ছিল তাঁদের লক্ষ্য।

নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে যুক্ত করার সুযোগ তৈরি হচ্ছে।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন