ব্যক্তিগত কথোপকথনের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন পদক্ষেপ নিচ্ছে জনপ্রিয় এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম Signal। মোবাইল অপারেটিং সিস্টেমে যুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অ্যাসিস্ট্যান্ট যেন ব্যবহারকারীদের ব্যক্তিগত মেসেজের স্ক্রিনশট নিতে বা সেগুলোতে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যেই স্ক্রিনশট ব্যবহারে নতুন বিধিনিষেধ চালু করছে প্রতিষ্ঠানটি।
Signal জানিয়েছে, iOS 27 এবং অ্যান্ড্রয়েডের নির্দিষ্ট কিছু সংস্করণে এই সুরক্ষা কার্যকর হবে। যখন অ্যাপটি শনাক্ত করতে পারবে যে কোনো AI অ্যাসিস্ট্যান্ট স্ক্রিনে প্রদর্শিত তথ্য পড়ার চেষ্টা করছে, তখন স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ প্রয়োগ করা হবে।
AI অ্যাসিস্ট্যান্ট নিয়ে কেন উদ্বিগ্ন Signal?
বর্তমানে অ্যান্ড্রয়েড ও অ্যাপলের অপারেটিং সিস্টেমে AI অ্যাসিস্ট্যান্টের ব্যবহার ক্রমেই বাড়ছে। Google-এর Gemini Intelligence এবং Apple-এর Onscreen Awareness-এর মতো ফিচার ব্যবহারকারীর অনুরোধ অনুযায়ী কাজ করতে স্ক্রিনে থাকা তথ্য অ্যাক্সেস করতে পারে।
Signal-এর মতে, এ ধরনের সুবিধার মাধ্যমে ব্যক্তিগত মেসেজ AI সিস্টেমের স্থানীয় ডেটাবেস কিংবা দূরবর্তী সার্ভারে সংরক্ষিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে নিশ্চিত করা গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, একবার অপারেটিং সিস্টেমের AI এজেন্ট কোনো তথ্য সংগ্রহ করলে সেটি কীভাবে সংরক্ষণ বা প্রক্রিয়াকরণ করা হচ্ছে, তার ওপর Signal-এর নিয়ন্ত্রণ সীমিত থাকে।
আগে Windows 11-এও চালু হয়েছিল স্ক্রিনশট ব্লকিং
এটি Signal-এর জন্য সম্পূর্ণ নতুন উদ্যোগ নয়। এর আগে Windows 11-এ Microsoft-এর Recall AI ফিচার যেন Signal-এর মেসেজ ধারণ ও সংরক্ষণ করতে না পারে, সে জন্য স্ক্রিনশট ব্লক করার ব্যবস্থা চালু করেছিল প্রতিষ্ঠানটি। এবার একই ধরনের উদ্বেগ থেকে মোবাইল ডিভাইসেও সুরক্ষা বাড়ানো হচ্ছে।
তবে ব্যবহারকারীরা চাইলে Signal-এর অ্যাপ সেটিংস থেকে এই সুরক্ষা বন্ধ করে স্ক্রিনশট নিতে পারবেন। প্রতিষ্ঠানটি সতর্ক করেছে, এতে ব্যবহারকারীর নিজের পাশাপাশি কথোপকথনে থাকা অন্য ব্যক্তিদের মেসেজও AI সিস্টেমের কাছে উন্মুক্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
এ ছাড়া স্ক্রিনশট ব্লকিং সব ধরনের তথ্য সংগ্রহ ঠেকাতে পারবে না। বিশেষ করে ডিভাইসের ফাইল সিস্টেম থেকে সরাসরি তথ্য নেওয়ার চেষ্টা এই ব্যবস্থার আওতার বাইরে থাকতে পারে।
Apple ও Google-এর কাছে Signal-এর দাবি
Signal মনে করে, সংবেদনশীল অ্যাপের তথ্য অপারেটিং সিস্টেমের AI এজেন্টের প্রবেশাধিকার থেকে সুরক্ষিত রাখতে ডেভেলপারদের আরও কার্যকর প্রযুক্তিগত সুবিধা দেওয়া প্রয়োজন।
এ জন্য Apple, Google ও Microsoft-এর সমালোচনা করে প্রতিষ্ঠানটি ডেভেলপারদের AI ডেটা প্রক্রিয়াকরণ থেকে নিজেদের অ্যাপকে বাদ দেওয়ার সহজ সুযোগ এবং এআই সিস্টেমের তথ্য ব্যবহারের বিষয়ে আরও স্পষ্ট নির্দেশিকা দেওয়ার দাবি জানিয়েছে।
Signal জানিয়েছে, এ বিষয়ে Apple ও Google-এর সঙ্গে আলোচনা চলছে। তবে অভিন্ন প্রযুক্তিগত মানদণ্ডের অভাব এখনো স্বাধীন ডেভেলপারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.