১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহারের ঝুঁকি কতটা

calendar_month ১২ নভেম্বর ২০২৫ ১০:৪৩:২৬ person অনলাইন ডেস্ক
একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহারের ঝুঁকি কতটা

বর্তমান ডিজিটাল যুগে একজন মানুষকে অসংখ্য অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যাংকিং কিংবা অনলাইন কেনাকাটা—সব জায়গায় আলাদা আলাদা লগইন ক্রিডেনশিয়াল দরকার। মনে রাখার সুবিধার জন্য অনেকেই সব মাধ্যম বা প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার করেন। কিন্তু এই অভ্যাসই হতে পারে ভয়াবহ নিরাপত্তা ঝুঁকির কারণ।

একটি তথ্য ফাঁস থেকে ডমিনো ইফেক্ট

একই পাসওয়ার্ড বারবার ব্যবহার সাইবার নিরাপত্তার সবচেয়ে সাধারণ ও মারাত্মক ভুলগুলোর একটি। এতে ব্যক্তিগত, আর্থিক ও পেশাগত তথ্য সহজেই হ্যাকারদের হাতে চলে যেতে পারে। একটি তথ্য ফাঁস থেকেই হ্যাকাররা একই পাসওয়ার্ড ব্যবহার করে ব্যবহারকারীর একাধিক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে। ফলে বাড়ে ক্রিডেনশিয়াল স্টাফিং, ফিশিং ও পরিচয়চুরির মতো জটিল সাইবার আক্রমণের ঝুঁকি।

প্রায় ৮০ শতাংশ তথ্য ফাঁস পাসওয়ার্ড চুরির কারণে

একই পাসওয়ার্ড ব্যবহারে ব্যবহারকারীরা সহজেই ‘ক্রিডেনশিয়াল স্টাফিং’ আক্রমণের শিকার হতে পারেন। হ্যাকাররা চুরি হওয়া ইউজারনেম-পাসওয়ার্ড স্বয়ংক্রিয় বটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে পরীক্ষা করে দেখে। হ্যাকিংসংক্রান্ত প্রায় ৮০ শতাংশ তথ্য ফাঁস ঘটে চুরি হওয়া পাসওয়ার্ডের কারণে। একই পাসওয়ার্ড ব্যবহার মানে হ্যাকারদের হাতে নিজের ডিজিটাল জীবনের মাস্টার চাবি তুলে দেওয়া।

স্বয়ংক্রিয় হ্যাকিংয়ের ঝুঁকি

পাসওয়ার্ড ভুলে যাওয়া স্বাভাবিক ব্যাপার, কিন্তু একই পাসওয়ার্ড ব্যবহার করলে পুনরুদ্ধারের সময় ঝুঁকি আরও বেড়ে যায়। একাধিক অ্যাকাউন্টে একই রিকভার ই-মেইল বা ফোন নম্বর থাকলে এক প্ল্যাটফর্মের তথ্য ফাঁস অন্য প্ল্যাটফর্মকেও প্রভাবিত করতে পারে। একই নিরাপত্তা প্রশ্ন বা ব্যক্তিগত তথ্য ব্যবহারের কারণেও ঝুঁকি তৈরি হয়।

ফিশিং ও প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা

একই পাসওয়ার্ড ব্যবহারে ফিশিং ও সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণার আশঙ্কা বেড়ে যায়। হ্যাকাররা ভুয়া ওয়েবসাইট বানিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে লগইন করতে প্রলুব্ধ করে। একবার কেউ সেই ফাঁদে পড়লে চুরি হওয়া পাসওয়ার্ড দিয়ে হ্যাকাররা সহজেই অন্যান্য অ্যাকাউন্টেও ঢুকে যেতে পারে।

পেশাগত ও ব্যক্তিগত জীবনে প্রভাব

একই পাসওয়ার্ড ব্যবহার শুধু ব্যক্তিগত নয়, পেশাগত জীবনেও ভয়াবহ প্রভাব ফেলতে পারে। অফিসের ও ব্যক্তিগত অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করলে তা কোম্পানির নিরাপত্তা নীতির লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে। ফ্রিল্যান্সার ও রিমোট কর্মীরা আরও ঝুঁকিতে থাকেন, কারণ তাঁদের ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাকড হলে গ্রাহকের তথ্য বা ব্যবসায়িক টুলও ক্ষতিগ্রস্ত হতে পারে।

সুরক্ষিত থাকার উপায়

একই পাসওয়ার্ড ব্যবহার বন্ধ করাই নিরাপত্তা জোরদারের প্রথম পদক্ষেপ। কয়েকটি সহজ অভ্যাস ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারে:

– পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা: প্রতিটি অ্যাকাউন্টের জন্য শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড তৈরি ও সংরক্ষণ করে।

– টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা: এতে পাসওয়ার্ড ফাঁস হলেও বাড়তি এক স্তরের সুরক্ষা বজায় থাকে।

– নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা: সময় সময় পরিবর্তন করলে আগের তথ্য ফাঁসের প্রভাব কমে যায়।

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন